চরফ্যাশন হাসপাতালে চালু হচ্ছে সিজারিয়ান অপারেশন

November 28 2026, 20:27

৩২
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চালু হচ্ছে  গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন। আগামী ১ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নিয়মিত মাসিক সমন্বয় সভায় এক্সরে, সিভিসি, ডায়াবেটিস,  লিভার, কিডনিসহ আরো অন্যান্য প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট হাসপাতালে করা হয় বলে জানানো হয় ।
সভায় গত মাসে হাসপাতালের চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সেবার এই ধারাবাহিকতা বজায় রাখা এবং রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের জন্য সবাইকে আহ্বান জানান সভার সভাপতি ডা. আশরাফুল ইসলাম। সভায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় বেড সংকট নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম শিগগিরই  নেওয়া হবে বলে  জানান।
তিনি আরো বলেন, চরফ্যাশন হাসপাতালের রোগীরা এখন থেকে ল্যাব এবং এক্সরে রিপোর্ট, লিভার, কিডনি, ডায়াবেটিস, ইসিজি ও সিভিসি টেস্ট চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, রোগীরা একটু সময় নিয়ে অফিস সময়ে টেস্টগুলো করাতে পারবেন। এসব টেস্ট রিপোর্ট করাতে রোগীকে প্রাইভেট হাসপাতালে তিনগুণ খরচ ব্যয় করতে হয়। যদি রোগীরা ধৈর্যসহ হাসপাতালে রিপোর্টগুলো করান তাহলে নির্ভুল টেস্ট রিপোর্ট পাবেন এবং খরচ অনেক সাশ্রয় হবে।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় হাসপাতালের আরএমও, কনসালট্যান্ট, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।