ঝিঙ্গাশাইলের হুড়ুম ভাল, বিন্নি ধানের খই

November 28 2026, 18:42

৫৪

কমল সেনগুপ্ত : একসময় গ্রামবাংলার আঙিনায় অতিথি আপ্যায়ন কিংবা সকাল-সন্ধ্যার টিফিনে বেকারি বা ফাস্ট ফুডের ঠাঁই ছিল না, ছিল খই-মুড়ি-নারকেল কোরা-গুড় বা খই-মুড়ির মোয়ার সাথে নারকেল কোরা। আজকের যান্ত্রিক শহুরে ব্যস্ততায় সেই মাটির সানকিভরা লৌকিকতা যেন স্মৃতির পাতায় ঝাপসা হয়ে আসছে। ঘরের নারীদের হাতে খই-মুড়ি ভাজার সেই চিরচেনা দৃশ্যের আজ বড় অভাব।

অথচ একসময় দাদি-দিদিমা বা শাশুড়ির হাত ধরে বংশপরম্পরায় যে কৌশল শিখত নতুন প্রজন্ম, কোনো বই বা পাঠশালা ছাড়াই মৌখিক লোকধারায় তা বয়ে চলত। লোকগানের সুরেও ভেসে ওঠে সেই গন্ধ, ‘ঝিঙ্গাশাইলের হুড়ুম ভালা’, ‘বিন্নি ধানের খইরে’ কিংবা ‘কস্তুরগন্ধীর চাউলের আলা’।

নাকুচি, বহুরী, স্থানীয়ভাবে মোটা আমন, মালা, ঘীগজ ও লুতা ঝিঙ্গাশাইল জাতের ধান থেকে হাতে ভাজা মুড়ি তৈরি হয়। চাল হালকা লবণ-জলে ভিজিয়ে ও শুকিয়ে নিয়ে গরম বালুতে ‘গোছা’ দিয়ে নেড়েচেড়ে ভাজা হয়। তীব্র তাপে চালের ভেতরের জলীয় বাষ্প প্রসারিত হয়ে চাল ফেটে ফুলে মুড়ি হয়। এবং মুচমুচে দানায় পরিণত হয়। মুড়ি ভাজার গোছা সাধারণত নারিকেলের পাতার শলা দিয়ে তৈরী হয়। ভাজার পর চালনি দিয়ে চেলে অতিরিক্ত বালু আলাদা করে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু মুড়ি। এই প্রক্রিয়ার কারণেই হাতে ভাজা মুড়ি দীর্ঘদিন ভালো থাকে এবং এর স্বাদ অটুট থাকে।

বরিশাল ও পার্শ্ববর্তী ঝালকাঠি অঞ্চলের মধ্যে নলছিটির কুলকাঠি, তীমিরকাঠি এবং নাচনমহল গ্রামগুলো বংশপরম্পরায় হাতে ভাজা মুড়ির জন্য বিশেষভাবে পরিচিত। খই ভাজার জন্য মূলত খৈয়া ধান ব্যবহার করা হয়, পাশাপাশি মোটা ধান, বৌয়ারি, বিন্নি, শালি এবং ঝিঙ্গাশাইল-এর মতো দেশি জাতের ধানও ব্যবহৃত হয়। খই ভাজার আগে ধান অন্তত ২-৩ দিন কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। ধান ভালো শুকনা না হলে খই সুন্দরভাবে ফোটে না। অনেকের মতে, ধান রোদে শুকানোর পর ভাজার ঠিক ১০-১৫ মিনিট আগে সামান্য একটু পানি ছিটিয়ে হাত দিয়ে মেখে রাখলে খই আরও বড় ও সাদা হয়।

বরিশাল সদর, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ এবং পিরোজপুরের বিভিন্ন গ্রামের গৃহস্থ পরিবারগুলোতে আমন ধান ওঠার পর মাটির চুলায় খই ভাজে। বরিশাল সদরের পাশেই নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি, জুড়কাঠি, ভরতকাঠি এবং বুড়িরহাট এলাকার প্রায় ২০টি গ্রামে শত বছরেরও বেশি সময় ধরে হাতে ভাজা মুড়ি ও খই তৈরি হয়। এখানকার কারিগররা কোনো রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে বালি ও মাটির খোলায় খই-মুড়ি ভেজে বরিশালসহ সারা দেশে সরবরাহ করেন। খুব গরম শুকনো বালিতে চাল ঢেলে দ্রুত নাড়তে থাকলেই তাপে চাল ফুলে মুড়ি তৈরি হয়। আর পরিপক্ব ধান খুব গরম মাটির হাঁড়ি বা কড়াইয়ে ভাজলে দানাগুলো ফুটে খই হয়।

অথচ আধুনিক উচ্চফলনশীল ধানের দাপটে হাজার হাজার দেশি জাত আজ হারিয়ে যেতে বসেছে। এই সংকটময় সময়েও বরিশাল ও উপকূলীয় অঞ্চলের মাটি যেন এক নীরব আশ্রয়। প্রকৃতির নিয়মেই অনেক জমিতে আধুনিক জাত না হওয়ায় এখানকার কৃষকেরা আজও আগলে রেখেছেন প্রাচীন খই-মুড়ির ধান। শ্রাবণে চারা বুনে অগ্রহায়ণে ফসল তোলার এই আমন চাষাবাদে খুব কম যত্নেই মিলে যায় অমূল্য সব জাত। কালো খোসা ও লম্বা শুঁড়যুক্ত বিশেষ জাতের খৈয়া ধান ভাজার পর তা ফুটে কামরাঙা ফলের মতো খাঁজকাটা আকৃতির সুগন্ধি খই তৈরি হয়।

আজ ঢেঁকি বা ঝাঝরের জায়গা দখল করে নিয়েছে যান্ত্রিক কল। আধুনিক জাতের ধানে দ্রুত মুড়ি তৈরি হলেও, নানী-দিদিমার মুখে ফেরা সেই আদি স্বাদ আর মেলে না। দেশি মুরগির ডিমের স্বাদ ভুলতে বসার মতোই আমরা হয়তো একদিন কলের মুড়িতে অভ্যস্ত হয়ে ভুলে যাব আসল মুড়ির মাধুর্য। মাটির খলায় গরম বালিতে ধান ফোটার ‘ফট ফট’ শব্দ আর হাতে বেছে ধানের তুষ ছাড়ানো, তেমনি ভাপে সেদ্ধ করে, রোদে শুকিয়ে, মাটির পাতিলে গরম বালিতে মুড়ি ভাজার সেই মমতাময় প্রক্রিয়া বড়ই আবেগের। খই বা মুড়ি ভাজার পরে দই, দুধ বা নারকেল কোরা-গুড় মিশিয়ে খাওয়ার তৃপ্তি আজও বাঙালির প্রাণের খুব কাছের।

বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীসহ উপকূলের জনপদে ছড়িয়ে থাকা শতবর্ষী খই-মুড়ির ধানের জাতগুলো আজ নীরবে হারিয়ে যেতে বসেছে, তা শুধু একগুচ্ছ বীজের মৃত্যু নয়, এ যেন আমাদের শৈশব, দাদি-দিদিমার মমতা আর নিজস্ব শেকড়ের প্রাণ হারিয়ে যাওয়া। নতুন জাতের আগ্রাসনে হারিয়ে যাওয়ার আগেই দেশি ধানের জাতগুলো বাঁচিয়ে রাখাই হোক আমাদের অঙ্গীকার, যাতে ভবিষ্যতের উঠোনেও দেখা যায় খই-মুড়ি ভাজার সেই চিরচেনা দৃশ্য।