বরিশালে সংঘর্ষ ও হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক-৪

November 28 2026, 17:48

৩১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুইয়ারপোল এলাকায় এক অটোরিকশা চালকের সাথে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধির (এসআর) কথা-কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে প্রাণ কোম্পানির একদল লোক সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া ও হামলা চালায়। এতে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আল মামুন গুরুতর আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের ৩টি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে।

​আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

​এদিকে হামলার ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আকন, একই এলাকার মজিদ আকনের ছেলে মো. আয়ান এবং মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার। অপর একজনের নাম-পরিচয় যাচাই করছে পুলিশ।

​এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।