বরিশালে নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
November 29 2026, 19:27
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন শিকদার জিয়াসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে রোববার সকাল ও বিকেলে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে শনিবার (২৮ নভেম্বর) রাতে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৃথক কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি তুলে ধরেন বিএনপি নেতাকর্মীরা।









































