ঢাকায় আসছেন বিশ্বখ্যাত শাকিরা?

November 29 2026, 21:58

৪৯

বিনোদন ডেস্ক : রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেকটি বড় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পরিকল্পনার কথা জানালেন আয়োজকেরা। আগামী বছরের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেলকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।

আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

গত শুক্রবার রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর ঢাকায় শাকিরার সংগীত পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতে শাকিরা পরিচিত ও জনপ্রিয় একটি নাম। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান দিয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই কলম্বিয়ান সংগীতশিল্পী। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আরও বেশি পরিচিতি এনে দেয়।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সংগীতাঙ্গনে এটি হতে পারে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এ ছাড়া শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণাকে সম্ভাব্য কনসার্ট আয়োজনের পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।