তালতলীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

November 29 2026, 19:40

৪৯
বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দের ৬৬ টন ৮৮০ কেজি ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে। চাল উত্তোলন করা হলেও জেলেদের স্বাক্ষরসংবলিত মাস্টার রোল জমা না দেওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশনাও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে জাটকা শিকারে বিরত থাকা কড়ইবাড়িয়া ইউনিয়নের ৪১৮ জন নিবন্ধিত জেলের জন্য দুই কিস্তিতে জনপ্রতি ৮০ কেজি করে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। ওই চাল উত্তোলনের দায়িত্বে ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু।
জেলেদের অভিযোগ, তাঁদের নামে চাল বরাদ্দ হলেও তাঁরা চাল পাননি। অন্যদিকে, কয়েকজন ইউপি সদস্যের দাবি, চেয়ারম্যান চাল উত্তোলন করলেও বিতরণ করেননি। এ ঘটনায় তদন্তের উদ্যোগ নেওয়া হলেও বারবার তাগাদা দেওয়ার পরও চেয়ারম্যান মাস্টার রোল জমা দেননি।
তদন্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, চেয়ারম্যানকে একাধিকবার চিঠি ও ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে অধিকতর তদন্তের সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাত কর্মদিবসের মধ্যে মাস্টার রোল জমা দেওয়ার নির্দেশ দিলেও তা দাখিল করা হয়নি।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, মাস্টার রোল জব্দ ও ঘটনা তদন্তে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, চাল বিতরণে অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ইউপি সদস্য রেদওয়ান উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চুর বক্তব্য পাওয়া যায়নি! বরাদ্দের চাল প্রকৃত জেলেরা পেয়েছেন কি না, বিতরণের মাস্টার রোল কোথায় এবং সরকারি সহায়তার চালের প্রকৃত হিসাব কী—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়।