মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন
November 28 2026, 17:55
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা খুলনা-ব-১১৫ নম্বরের আরাফাত পরিবহনের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।









































