আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটি শুনতে চাই না আর- গণপূর্ত প্রতিমন্ত্রী
অক্টোবর ১৯ ২০২৬, ২১:৩৭
নেছারাবাদ প্রতিনিধি : ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেন, ‘সনাতনী হিন্দু সম্প্রদায়ের সকলের আমাদের মতো এদেশে সমান অধিকার রয়েছে। আমি আজকে থেকে আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটা শুনতে চাই না আর। আমরা সবাই সমান অধিকার। আমাদের মাঝে কখনও কোন গ্যাপ (দূরত্ব) থাকবে না।’
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত পূজামণ্ডপগুলোর জন্য বিশেষ আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নেছারাবাদ উপজেলার ১০২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। দুর্গাপূজার আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এ আনন্দ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, আর এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে।”
তিনি আরও বলেন, “আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, আপনারা এ দেশের নাগরিক। বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
তিনি শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে প্রতিটি পূজামণ্ডপে যেন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
নেছারাবাদ উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন তিনি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহায়তা দুর্গাপূজার আয়োজনকে আরও সুন্দর ও উৎসবমুখর করতে ভূমিকা রাখবে।









































