হিজলায় সোহেল বেপারীর ওপর হামলার ঘটনায় রিফাত মাঝিকে সাময়িক বহিষ্কার

নভেম্বর ২৭ ২০২৫, ২১:০৬

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা ছাত্রদলের অধীন হিজলা উপজেলা ছাত্রদলের ১ং সদস্য রিফাত মাঝিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৭ নভেম্বর) বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে পদ ও সদস্যপদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম সিঠু এবং সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম ইমরান বহিষ্কারের অনুমোদন প্রদান করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে হিজলা উপজেলা বিএনপির মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে হরিনাথপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সোহেল বেপারীর ওপর হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

হামলার ঘটনায় রিফাত মাঝি ও তার পরিবারের কয়েকজন সদস্যের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এছাড়াও, এর আগেও—বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে—হরিনাথপুর ইউনিয়নে মাঝি পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, বিশৃঙ্খলা সৃষ্টি, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা বাড়ানোর একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছিল।

এইসব অভিযোগ ও সর্বশেষ হামলার ঘটনার পর জেলা ছাত্রদল দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জেলা ছাত্রদল জানায়—
“যে কোনো বিশৃঙ্খল, অপরাধমূলক বা দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। দলীয় শৃঙ্খলার বাইরে কোনো ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

ঘটনার পর স্থানীয় বিএনপি–ছাত্রদল–যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। হামলার ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।