নদীভাঙন ও গ্রামীণ সড়ক পরিদর্শনে এমপি ডা. মাহমুদা আলম মিতু
অক্টোবর ০৮ ২০২৬, ১৯:৫৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় নদীভাঙনকবলিত এলাকা, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, বেহাল গ্রামীণ সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক পরিদর্শন করেন তিনি। পরে বিকেল ৪টায় মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুরতলা গ্রামের ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য নদীভাঙনকবলিত এলাকার পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা ঘুরে দেখেন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনের কারণে তাঁদের বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। অন্যদিকে, গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁরা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান।
পরিদর্শনকালে ডা. মাহমুদা আলম মিতু বলেন, “যেসব এলাকার মানুষ বেশি সমস্যায় আছেন, মূলত সেসব এলাকা পরিদর্শন করাই আমার উদ্দেশ্য। আমরা বরাবরই ইনসাফের রাজনীতির কথা বলি। ইনসাফের রাজনীতির অর্থ হলো, যার প্রয়োজন বেশি, তাকে বেশি গুরুত্ব দেওয়া। সেই জায়গা থেকেই যারা বেশি কষ্টে আছেন, তাঁদের এলাকায় বেশি গুরুত্ব দিয়ে পরিদর্শন করছি।”
তিনি বলেন, “নদীভাঙনকবলিত মানুষ বেশি কষ্টে আছেন। আমি যেসব রাস্তা দেখেছি, সেগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। ঝালকাঠি জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। সে বিবেচনায় এখানকার উন্নয়নকাজে আরও বেশি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। আমি নিজ চোখে নদীভাঙন ও রাস্তাঘাটের অবস্থা দেখে যাচ্ছি। পরবর্তী সময়ে এসব সমস্যা নিয়ে কাজ করব।”
সংসদ সদস্য আরও বলেন, “মানুষের জন্য কাজ করার ইচ্ছা ও নিয়ত আমার রয়েছে। আমি আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আপনাদের চাওয়া-পাওয়া পূরণের জন্য কাজ করব।” তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। স্থানীয় মানুষের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনের পর নদীভাঙন রোধ, বেড়িবাঁধ সংস্কার ও গ্রামীণ সড়ক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।








































