শেবাচিমে ডায়াগনস্টিক সেন্টারের দুই দালাল আটক, পুলিশে সোপর্দ
অক্টোবর ০৮ ২০২৬, ২০:২৫
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে কম খরচে পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নেওয়ার সময় দুই দালালকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের চার তলার মেডিসিন ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন—বরিশাল বিমান বন্দর থানার ৪ নম্বর ওয়ার্ড এলাকার রিপন ও মাসুমা দম্পতির ছেলে নাঈম (২৬) এবং নলছিটি থানার ৩ নম্বর ওয়ার্ডের মান্নান ও ফাতেমা দম্পতির ছেলে রবিউল (২৩)।
হাসপাতাল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি নাগর আলী জানান, ওপিডি ভবনের চার তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের কম খরচে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি চক্র।
বিষয়টি টের পেয়ে কমান্ডার পিসি নাগর আলী সহ দায়িত্বরত আনসার সদস্যরা অভিযান চালিয়ে হাতেনাতে দালাল নাঈম ও রবিউলকে আটক করেন।
তিনি আরো জানান, হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত করা এবং রোগীদের প্রতারিত করার অভিযোগে আটক দুই দালালকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রোগীদের স্বার্থে শেবাচিম হাসপাতালে দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।








































