কলাপাড়া ও কুয়াকাটায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
অক্টোবর ০৮ ২০২৬, ২০:১৯
কুয়াকাটা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
বুধবার (৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশ্যে আসে। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাফিজুর রহমান চুন্নু তালুকদারের কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে একই অভিযোগে মো. মতিউর রহমান হাওলাদারের কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিতের কথা জানানো হয়। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। নোটিশে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া এবং অন্যথায় একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে পদ স্থগিত হওয়া মতিউর রহমান হাওলাদার বলেন, বড় রাজনৈতিক দলে এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। ৫ই আগস্ট এর পরে জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মানুষ সমাধান করতে আসে। যে কারণে আমাদেরকে উভয়পক্ষকে ডাকতে হয়। ঠিক সেটাই আমরা করেছি। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত যা হয়েছে তা আমার কাম্য ছিল না, তবে দল যে সিদ্ধান্ত নেয় তা আমি মাথা পেতে নিতে রাজি।
এ বিষয় কুয়াকাটা বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী বলেন, আমি এরকম কোনো কাগজ এখনো হাতে পাইনি, এক ঘন্টা আগে শুনেছি এরকম নাকি কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থাগিত করা হয়েছে। আমি উর্ধতন নেতৃবৃন্দের কাছে জানার চেষ্টা করছি কেন এই ঘটনা ঘটলো।









































