পদোন্নতির দাবিতে মঙ্গলবার কর্মবিরতি ঘোষণা ববি শিক্ষকদের

এপ্রিল ২০ ২০২৬, ২৩:২২

ববি প্রতিনিধি : ২৪ শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতি, শিক্ষক সংকট নিরসন ও প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি এবং দাবি আদায় না হলে পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা।

সোমবার সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরাও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

শিক্ষকরা অভিযোগ করেন, ইউজিসির নির্দেশনার কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। ইতোমধ্যে ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির জন্য নিয়োগ বোর্ডের সুপারিশ সম্পন্ন হলেও তা বাস্তবায়ন হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অধিকাংশে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে একাধিক ব্যাচের পাঠদান চালানো হচ্ছে। এছাড়া ৫১টি শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ করা হয়নি।

শিক্ষকরা জানান, এসব সংকটের প্রতিবাদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এক শিক্ষক আমরণ অনশনে রয়েছেন। তার দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক সমাজ এ কর্মসূচি ঘোষণা করেছে।