গৌরনদীতে কলেজ কর্মচারীকে গণধোলাই, ইয়াবা উদ্ধারের দাবি
আগস্ট ১৯ ২০২৬, ১৯:৪৯
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে এক কলেজ কর্মচারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি নিজের মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা।
গণধোলাইয়ের শিকার মাইনুর হাসান মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। তিনি ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাসুম মোটরসাইকেলযোগে খাঞ্জাপুর ইউনিয়নের একটি এলাকা থেকে ফিরছিলেন। স্থানীয়দের দাবি, এর আগে তিনি ওই এলাকার এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা কিনেছিলেন। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তার গতিরোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতার হাত থেকে নিজেকে রক্ষা করতে মাসুম তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যান।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










































