বরিশাল জিলা স্কুলে নজরুল বর্ষ উদ্যাপিত
অক্টোবর ০৮ ২০২৬, ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সারাদেশ জুড়ে বরিশাল জিলা স্কুলের সুনাম রয়েছে। এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অনীহা, অতিরিক্ত ডিভাইসমুখী প্রবণতা এবং মাদকের প্রতি আগ্রহ বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং মাদকের বিষাক্ত থাবা কেড়ে নিচ্ছে তরুণ প্রজন্মের অপার সম্ভাবনা। এই ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার, জিলা স্কুলের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জেসমিন আরা এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ফারুক আলমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।








































