বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় ৮ জনের কারাদণ্ড

অক্টোবর ০৮ ২০২৬, ২০:২৮

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আটজনকে আটক করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কলসকাঠি ইউনিয়নের মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল। আটক ব্যক্তিরা হলেন—ইসমাইল খাঁ, সাকিবুল হাসান, আজগর আলী খাঁ, সোহেল, সেন্টু মৃধা, মোহাম্মদ সেজান আলম, মোহাম্মদ নুরজামান ও মো. সোহাগ শিকদার।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।