ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীতা ঘোষণা
জুলাই ১৩ ২০২৫, ২০:১৭
স্টাফ রিপোর্টার : আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রার্থীতা ঘোষনা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ মুহাঃ আবুল কালাম আজাদ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-পীর ছাহেব চরমোনাই’র ছোট ভাই ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল-৫ (সদর) এবং বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে এবং আরেক ছোটভাই ও দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল-১ আসনে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ আসনে সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মাওলানা মুহাম্মদ নেসার উদ্দীন এবং বরিশাল-৩ আসনে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামকে মনোনয়নের কথা ঘোষনা করা হয়েছে।
দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে গত মাসখানেক ধরেই ইসলামী আন্দোলন বরিশালের সবগুলো উপজেলা সদরে দলীয় প্রতিনিধি সভার আয়োজন করে। এসব সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই বরিশালের ৬টি আসনে প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
বরিশাল-৫ (সদর) আসনটিতে পীর ছাহেবের ছোটভাই ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মনোনয়ন আগে থেকেই নিশ্চিত ছিল। এমনকি এপর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে যেসব রাজনৈতিক দলের সাথে আগামী নির্বাচন ও জোটবদ্ধভাবে অংশগ্রহনের প্রাক শর্তই ছিল বরিশাল সদর আসনটি। ইসলামী আন্দোলন এ আসনে কোন ধরনের ছাড় না দেয়ার শর্তেই নির্বাচনের প্রস্তাব দিয়ে রাখায় এখন পর্যন্ত জামাত ইসলামী সহ কোন দলের সাথেই তাদের সমঝোতা হয়নি।
এমনকি গত ২২ জানুয়ারী জামাত ইসলামী বাংলাদেশের আমীর ডাঃ শফিকুর রহমান বরিশাল সমাবেশে যোগাদানের দিন চরমোনাই দরবার শরিফ সফর করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-পীর ছাহেব চরমোনাই’র সাথে সৌজন্য সাক্ষাত করেছিলেন। সেখানে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কোন আলোচনা না হলেও এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সব দলকেই নির্বাচনী সমঝোতার অন্যতম প্রধান শর্ত দেয়া হয়েছে বরিশাল সদর আসন। দলের নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্রও এ তথ্যটি নিশ্চিত করেছে।
২০১৮’র জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসনে ও ২০২৩-এর বরিশাল সিটি মেয়র নির্বাচনেও মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দলীয় প্রার্থী হয়েছিলেন। সিটি মেয়র নির্বাচনের দিন তার ওপর হামলার ঘটনাও ঘটে। ঐদিন রাতে এক সংবাদ সম্মেলনে দলীয় আমীর পীর ছাহেব চরমোনাই আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচনে না যাবার ঘোষনা দেয়ার পাশাপাশি রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বয়কটের ঘোষনা দিয়েছিলেন।









































