বাংলাদেশে যাতে ভোট না হয় সেজন্য এখনও কিছু লোক ষড়যন্ত্র করছে : সরোয়ার
নভেম্বর ০৬ ২০২৫, ১৮:১৪
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে যাতে ভোট না হয়, গণতন্ত্রের বিপর্যয় ঘটে, বাংলাদেশে জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসতে পারে সেজন্য এখনও কিছু লোক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, সকল ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিতে হবে, ১৬ বছর ভোট দিতে দেওয়া হয়নি, জনগণ মুখিয়ে আছে এখন ভোট দেওয়ার জন্য। যারা বিএনপির প্রকৃত রাজনীতি করেন, যারা ধানের শীষকে ভালোবাসেন তারা ভোট এখানেই দেবে।
তিনি বলেন, আমাদের হারানোর জায়গা নেই, আমাদের পালানোর জায়গা নেই, আমাদের তো এই মাটিতে থাকতে হবে, এই মাটিতে থেকে যুদ্ধ করতে হবে, রাজনীতি করতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মহানগর এবং জেলা বিএনপির আয়োজনে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল সদর আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার সদর আসনে মনোনয়ন পাওয়াতে মতবিনিময় সভা হয়।
তিনি বলেন, সাধারণ মানুষ আমাদের থেকে সচেতন কম নয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নৌকা লাগিয়ে ধানের শীষে আমাকে ভোট দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কোথাও ঘটেনি। বরিশালের মানুষ জানে কখন আমাদের সাথে থাকলে পরাজিত হবে না, জয়ী হবে সবসময়।
সরোয়ার বলেন, আওয়ামী লীগ লাঠি নিয়ে গত ২৮ অক্টোবর মৃত লাশের ওপর ড্যান্স করেছে, তাদের মানুষ মারতে কোনো দ্বিধা নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের অনেক লোক হারিয়ে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ আজ কোলকাতায় তাদের সাইনবোর্ড লাগিয়েছে, সেখান থেকে সাইনবোর্ডগুলো না খুললে মোদির কপালে দুঃখ আছে। বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে আন্দোলন শুরু করবে অন্য সবাই।
তিনি বলেন, আমাদের এই গণ-অভ্যুত্থান ব্যর্থ করলে দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না। যদি কেউ উল্টাপাল্টা করতে চায়, তাহলে বিএনপি মাঠে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।
এখানে নেতারা বলেন, কোনো বিভেদ নয়, অতীতের সব ভুলে আমরা কেবল দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষেই থাকবো। আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেদিকে সজাগ থেকে একযোগে কাজ করবো। কেননা আগের ন্যায় নানা ধরনের অপতৎপরতা চালাবে কুচক্রী মহল।









































