বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি পুনর্বহাল

জানুয়ারি ১৯ ২০২৬, ২৩:০৪

মোঃ হাবিবুল্লাহ বেপারী : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বে দেওয়া সব ধরনের বহিষ্কার, অব্যাহতি ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতিমালা, শৃঙ্খলা এবং বৃহত্তর সাংগঠনিক স্বার্থ বিবেচনায় এনে রফিকুল ইসলাম জনির বিরুদ্ধে গৃহীত সব সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রফিকুল ইসলাম জনির বিরুদ্ধে দলীয়ভাবে বহিষ্কার ও পদ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্ত বাস্তবায়নে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মী জানান, রফিকুল ইসলাম জনি দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাকে পুনর্বহাল করার ফলে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রফিকুল ইসলাম জনির পুনর্বহালের খবরে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।