পিরোজপুর-২ আসনে বড় ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ছোট ভাই
জানুয়ারি ২১ ২০২৬, ১৯:৩৮
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হলেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মাহমুদ হোসেন।
অন্যদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন মাহমুদ হোসেনের আপন ছোট ভাই জাতীয় পার্টি জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. মাহিবুল হোসেন। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন লড়বেন ঘোড়া প্রতীক নিয়ে অন্যদিকে জেপি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেন লড়বেন সাইকেল প্রতীক নিয়ে।
পিরোজপুর-২ আসনে ভান্ডারিয়ার সম্ভ্রান্ত মিয়া পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার আপন দুই চাচাত ভাই বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মাহামুদ হোসেন স্বতন্ত্র প্রাথী হিসেবে এবং তারই আপন ছোট ভাই মো. মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুই সহোদর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনা চলছে।









































