যুবদের অংশগ্রহণে বরিশালে ইয়ুথ নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত

এপ্রিল ০৬ ২০২৬, ১৮:৪৭

স্টাফ রিপোর্টার : বরিশালে স্থানীয় যুবদের অংশগ্রহণে “ইয়ুথ নেটওয়ার্ক মিটিং” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) নগরীর আভাস প্রশিক্ষণ কেন্দ্রে এ বৈঠক আয়োজন করা হয়।

ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “স্থানীয় যুব ও SRHR নেটওয়ার্ক গঠন” কার্যক্রমের অংশ হিসেবে বৈঠকটি আয়োজন করে উন্নয়নমূলক সংগঠন অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)। এতে সহযোগিতা করে অ্যামপ্লিফাই চেইঞ্জ এবং উদ্যোগ নেয় রেডঅরেঞ্জ।

বৈঠকে শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুব নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আভাসের ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) উম্মে সাইফুননেছা লাকি। পরে নির্ধারিত বিষয়ে আলোচনা করেন রিসোর্স পার্সন মোসা. মাহবুবা আক্তার এবং আভাসের ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মো. শহিদুল ইসলাম।

বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই সামাজিক পরিবর্তন আনতে যুবদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

আলোচনায় অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নেটওয়ার্ক গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকের শেষে আভাসের ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রজেক্ট অফিসার ময়ুরী আক্তার টুম্পা অংশগ্রহণকারীদের সঙ্গে সমন্বিতভাবে SRHR বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।