মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা
এপ্রিল ১৬ ২০২৬, ২০:০১
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মাদকাসক্তির অভিশাপ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলাকে মুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ফয়সাল সিকদার (৩০), শামীম হাওলাদার (২৭), শহীদ বেপারী (৩৫), মনির সিকদার (৩৫), মো. জাফর শাহ (৩০)।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের লাগাতার অভিযানে উপজেলার মাদক সিন্ডিকেট রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে।
গ্রেফতার আতঙ্কে অনেকে গা-ঢাকা দিয়েছে, কেউ কেউ পুরনো পেশা ছেড়ে দিয়েছে, আবার অনেকে এলাকা ছেড়ে পালিয়েছে। স্থানীয়রা জানান, কয়েক মাস আগেও সন্ধ্যার পর বিভিন্ন স্পটে মাদকসেবীদের প্রকাশ্য আড্ডা বসতো। এখন সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মেহেন্দিগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারি, সেবনকারী বা আশ্রয়-প্রশ্রয়দাতার ঠাঁই হবে না। আমাদের অভিযান চলমান থাকবে।” মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সচেতন মহল।









































