স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সারা দেশের বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষা। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৮৮৭ জন। পরীক্ষার্থীদের জন্য বরিশাল বোর্ডের অধীনে মোট ২১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডের অধীনে মোট ১ হাজার ৫১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ১৯ হাজার ৮২২ জন।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করবেন।
আজ প্রথম দিনের পরীক্ষা ঘিরে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রস্তুতির পর পরীক্ষার্থীরা ভালো ফলাফলের প্রত্যাশায় পরীক্ষাকেন্দ্রে হাজির হবে।