মেহেন্দীগঞ্জে ১৩ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
এপ্রিল ২৪ ২০২৬, ২২:২৮
স্টাফ রিপোর্টার : বরিশালের মেহেন্দীগঞ্জে আধা কেজি গাঁজা ও ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শামীম রাড়ী ওই গ্রামের শফিজল রাড়ীর ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে চানপুরার চরখাগকাটা গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় ওই মাদক ব্যবসায়ীর বাড়ির পাশে চাষ করা ১৩ টি গাঁজা গাছ উদ্ধার করার পাশাপাশি তল্লাশি চালিয়ে তার বাসা থেকে আরও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।









































