বরিশালে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদ্যাপন
এপ্রিল ২৯ ২০২৬, ১৫:২১
স্টাফ রিপোর্টার : ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, বরিশালের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শব্দ দূষণ একটি ‘নীরব ঘাতক’। এটি মানুষের শ্রবণশক্তি নষ্ট করার পাশাপাশি মানসিক চাপ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এর ফলে ব্যক্তিগত স্বাস্থ্যহানির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। তিনি আরও বলেন, ব্যক্তিগত সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
আলোচনা সভায় বক্তারা জানান, মানুষের জন্য নিরাপদ শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবল। কিন্তু বাস্তবে হাইড্রোলিক হর্ন থেকে ৯০-১১৫ ডেসিবল, সাউন্ড সিস্টেমে প্রায় ১২০ ডেসিবল এবং হেডফোনে প্রায় ১৩৫ ডেসিবল পর্যন্ত শব্দ উৎপন্ন হয়, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
তারা আরও বলেন, শহরাঞ্চলে বসবাসকারী অনেক মানুষ ইতোমধ্যে শ্রবণশক্তি হ্রাস, বধিরতা, খিটখিটে মেজাজসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় বিধিমালা থাকলেও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ এজাজ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভাগীয় সমন্বয়ক মোঃ রফিকুল আলম এবং বাংলাদেশ পরিবেশ আইন সমিতি-এর বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শব্দ দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।









































