নগরীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় নারীসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ
মে ০৩ ২০২৬, ২০:২৮
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনি এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় এক নারী ও তার কিশোর ভাগ্নেকে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে সুমন নামে এক চিহ্নিত বখাটের বিরুদ্ধে। গত শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে রিফিউজি কলোনি এলাকায় ভুক্তভোগী নারীর বাবার বাড়ির সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-আলেকান্দা কাজীপাড়া এলাকার মাংস বিক্রেতা রফিকের স্ত্রী আনু বেগম এবং তার বোনের ছেলে অলি (১৭)। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আনু বেগম অভিযোগ করে জানান, অভিযুক্ত সুমন দীর্ঘদিন ধরে তার বোন ডলি বেগমের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় সুমন ক্ষিপ্ত হয়ে আনুর কাছেও চাঁদা দাবি করে। ঘটনার রাতে পুনরায় এ নিয়ে বাগবিতণ্ডা হলে সুমন দেশীয় অস্ত্র দিয়ে আনু বেগমকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এসময় তাকে বাঁচাতে ভাগ্নে অলি এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
অভিযুক্ত সুমন আলেকান্দা গাজী বাড়ির সুলতান খানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, সুমনের অপরাধের ধরন বেশ বিচিত্র। সে মূলত, দিনের বেলা বা রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ছদ্মবেশে বাসা থেকে বের হয়।
ভোররাত পর্যন্ত এই ছদ্মবেশ ব্যবহার করে লঞ্চের যাত্রী ও সাধারণ পথচারীদের গতিরোধ করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালায়।এলাকায় তার একটি কিশোর গ্যাং বা বখাটে চক্র রয়েছে, যার মাধ্যমে সে সাধারণ মানুষকে জিম্মি করে রাখে।
ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে কোতয়ালী মডেল থানায় মৌখিকভাবে অবগত করেছেন। আহতদের পরিবারের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক যাতে এলাকায় শান্তি ফিরে আসে।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী সুমনকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করিনি, পেলে ব্যবস্থা নেব।









































