কাল দশমী : বিষাদের সুর হরিজন পল্লীতেও

অক্টোবর ২০ ২০২৬, ২১:০৫

কমল সেনগুপ্ত : রাত পোহালেই বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসান এই দিনে। তবে শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি, যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ। এই তিথিতেই থাকে দশভুজা ও তাঁর সন্তানসন্ততির বরণপর্ব। শহরের সব মন্দিরের মন্দিরের মত, কাউনিয়ার হরিজন পল্লীতে বিসর্জনের বিদায় সুর। আজ মা দুর্গা বিদায় নেবে। মর্ত্য ছেড়ে কৈলাসে অর্থাৎ নিজের স্বামীর গৃহে ফিরে যাবেন। বছরের অপেক্ষা,আবার ফিরবেন আগামী শরতে। আজ বুধবার বিজয়া দশমী। দশমী মানেই ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানানোর পালা!

গত শুক্রবার থেকে উৎসবে আনন্দে মেতেছিল কাউনিয়া জানকিসিংহ রোডের আর শ্মশান ঘাট সংলগ্ন ভক্ত কলোনী হরিজনেরা। ঢাকের বাদ্যে, নাচে, গানে, রঙ্গিন আলোর ঝলকানিতে। মহালয়ার সুরে, ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তায়’। পুজো মানেই আকাশে বাতাসে শিউলির সুবাস, প্যান্ডেলের ভিড় আর মন-কেমনের মিষ্টি সুর। এই শারদ উৎসবের সঙ্গে বাঙালির সাথে নাড়ির যোগ হয়েছে হরিজনদেরও। হবে না কেন? এ মাটির সাথে ওদের বন্ধন ১৫০ বছরের। সাত পুরুষ ধরে বসবাস করছে হরিজন সম্প্রদায়। মহানগরীর আরও ৪৫ টি মন্দিরের মতই হরিজনদের মন্দিরে বয়ে গেছে আনন্দের বন্যা।

বিদায়ের করুণ সুর শোনা গেছে নবমীর রাত থেকেই। গতকাল সন্ধ্যায় দু মন্ডপে গিয়ে দেখা গেল প্রতিমা ছিমছাম। তবে আলাদা ঢং আছে। আলোকসজ্জা বাহারী আর রকমারি। মন্দিরের সাজসজ্জা এক কথায় সুন্দর। দু জায়গায়ই সাউন্ড বক্সে হিন্দি গান বাজছে। গানের তালে তালে নেচে গেয়ে পরিবেশকে আনন্দময় করে তুলেছে যুবকেরা। গতকাল নবমীতে তর্পণে দুর্গার মহাস্নান হয়েছে, ষোড়শ উপচারে পূজা শেষ। ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছে দেবীদুর্গা। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণও শেষ। দেখলাম নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার ‘মহাআরতি’ চলছে।

আজ বিজয়া দশমী। সন্ধ্যায় মাকে বিদায় বরণের পালা। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হবে। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন। পান খেয়ে বা পানপাতা মুখে নিয়ে, আলতা-সিঁদুর পরে বরণ করার রীতি রয়েছে। বরণসামগ্রী সহ বরণডালা নিয়ে শুভ সময় দেখে দেবীকে বরণ করা হবে। আজ বরণ ডালা নিয়ে মাকে বিদায় দেবে নারী হরিজনেরাও। বিসর্জনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নবমী নিশি পেরিয়ে প্রভাত হওয়া মানেই উমার ফেরার পালা। আবার বছরব্যাপী প্রতীক্ষার শুরু। হৃদয় বীণায় করুণ সুর বাজছে হরিজন কলোনীতেও।