মারামারি ঠেকাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

এপ্রিল ০৬ ২০২৫, ২০:২০

স্টাফ রিপোর্টার : সালিস-বৈঠকের মারামারি ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বিএনপি নেতা। শনিবার (৫ এপ্রিল) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই বিএনপি নেতার নাম আলমগীর পারভেজ। তিনি রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় অভিযোগ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, রত্নপুর ইউনিয়ন বিএনপিকর্মী আবুবকর ও কবির শরীফের মধ্যে দীর্ঘদিন ঝামেলা চলছিল। ওই ঝামেলার সালিস করতে গিয়েছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর পারভেজ।

সালিস-বৈঠকে বসেই এক গ্রুপ অপর গ্রুপের ওপর হামলা চালায়। ওই হামলা ঠেকাতে গিয়ে হামলার শিকার হন বিএনপি নেতা আলমগীর পারভেজ। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন ও আকন কুদ্দুসুর রহমানের অনুসারী দুটি গ্রুপ।

আলমগীর পারভেজ জহির উদ্দিন স্বপনের অনুসারী আর আবুল বশর আকন কুদ্দুসুর রহমানের অনুসারী। ওই দুই নেতাই স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার কথা জানিয়েছেন। এর আগেও মারামারি হয়েছে উভয় গ্রুপের মধ্যে।

রত্নপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মামুন ঘরামী জানান, স্থানীয় আবুবকর ও কবির শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে ঝামেলা চলছিল। ওই ঝামেলার সালিস-বৈঠকে যান আলমগীর পারভেজ।

সালিসের মধ্যেই বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের আত্মীয় পরিচয়দানকারী আবুল বশরের নেতৃত্বে কবির শরীফ এবং তার স্বজনদের ওপরে হামলা চালানো হয়। ওই হামলায় মারামারি ঠেকানো ও আহতদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে আলমগীর পারভেজকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে আবুল বশর ও তার অনুসারীরা।