বিউটি হলের জমি নিয়ে আশিক চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মামলা

মে ১০ ২০২৫, ১৪:৪২

স্টাফ রিপোর্টার : বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিউটি রোডের বিউটি হলের জমি নিয়ে পরিকল্পিত হয়রানি ও একাধিক মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন জমির রেকর্ডিয় মালিক সৈয়দ আশিক চৌধুরী।

তিনি জানান, চকবাজারের বিউটি রোডে ৫৩.৭০ শতাংশ জমির তিনি, তার মা ও বোন মালিক। ২০২২ সালের ১১ অক্টোবর কাজী মফিজুল ইসলাম কামাল ভূয়া দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালত ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি আশিক চৌধুরীর পক্ষে রায় দেন।

রায় পাওয়ার পর জমি সংস্কারের উদ্যোগ নিলে বিভিন্ন মহল বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে মালামাল জব্দ, হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ভাংচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আশিক। এ ঘটনায় তিনি ও তার স্ত্রী একাধিক মামলার সম্মুখীন হন, যার অধিকাংশই একই গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

আশিক চৌধুরী জানান, জমির রেকর্ড সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে গায়েব করে অনলাইনের তথ্য পাল্টে ফেলার চেষ্টা হয়েছে। একই জমির নামে খুলনা ইসলামকাঠি থেকে তিনটি জাল দলিলও করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে মামলা করলেও সব মামলায় একই আইনজীবী (মেহেদী হাসান) নিয়োজিত, যা পরিকল্পিত ষড়যন্ত্রের প্রমাণ।

সংবাদ সম্মেলনে আশিক দাবি করেন, জমি সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে জোরপূর্বক ১২ কোটি টাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হলে একের পর এক হয়রানিমূলক মামলা শুরু হয়।

শেষে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আদালতের রায় আমাদের পক্ষে, তবুও জমি রক্ষা করতে বারবার প্রভাবশালীদের চাপে পড়ছি।”