ভোলায় ছাত্রদলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত
জুন ১৪ ২০২৫, ১৮:৩৮
ভোলা প্রতিনিধি : ভোলায় ছাত্রদল নেতা রাকিব কর্তৃক ডিবিসির ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম জাকিরকে হত্যার হুমকির ঘটনা ও ছাত্রদলের মিছিল থেকে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানসহ গণমাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় শুক্রবার (১৩ জুন) ভোলা প্রেসক্লাবে সাংবাদিকরা প্রতিবাদ সভায় মিলিত হন।
এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিক জাকিরকে হুমকিদাতা রাকিবকে অনতিবিলম্বে গ্রেপ্তারের ও বিচারের দাবী জানান। প্রতিবাদ সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা জেলা ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) ছাত্রদল কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের টার্গেট করে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছিল।
এ ঘটনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক উমর ফারুক, দুদকের পিপি সাংবাদিক অ্যাডভোকেট শাহাদাত শাহীন, আজকের ভোলার সম্পাদক মাকসুদুর রহমান, বাসস সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, মিজানুর রহমান, শিমুল চৌধুরী, ইনকিলাবের জেলা সংবাদদাতা মোঃ জহিরুল হক, জসিম রানা, মেজবাহ উদ্দিন শিপু, এইচএম জাকির, এম হেলাল উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, এইচএম নাহিদ, অনিক আহমেদ, ইকরামুল আলম, শাহীন কাদের ও ইয়ামিন হাওলাদার প্রমুখ।









































