নারীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলাদল অগ্রণী ভূমিকা রাখছে–খোকন

সেপ্টেম্বর ১৪ ২০২৫, ২০:১২

হিজলা প্রতিনিধি, মোঃ হাবিবুল্লাহ বেপারী : “আমরা যদি থাকি সৎ-দেশ সংস্কার সম্ভব, গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৪৭ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বি.সি.ডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা দলের আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা মহিলা দলের সভাপতি কাজী নাসরিন খানম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন এবং প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার ও আলী আহমেদ হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান, বরিশাল উত্তর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক নবু।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমাদার, উত্তর জেলা যুবদলের সদস্য ছাত্তার মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহজাহান খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হেলাল সরদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হিজলা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসানসহ আরও অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিএনপি মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলা দলের নেত্রীবৃন্দ দেশের প্রতিটি আন্দোলনে অসামান্য অবদান রেখে চলেছেন।”

প্রধান বক্তা চৌধুরী শরীফা নাসরিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারী জাগরণের প্রতীক। আজকের সংকটময় সময়ে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মহিলা দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। সৎ নেতৃত্ব ও ত্যাগী কর্মীরাই দেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে পারে।”

সভাপতি কাজী নাসরিন খানম শপথের আহ্বান জানিয়ে বলেন, “যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে মহিলা দলকে সোচ্চার হতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে হবে।” আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট।