বিএনপির মনোনয়ন বঞ্চিত বিভাগের ২১ শীর্ষ নেতা

নভেম্বর ০৫ ২০২৫, ২০:৩১

ফাহিম ফিরোজ ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলে বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলের একাধিক কেন্দ্রীয় ও প্রভাবশালী নেতা। ঘোষিত তালিকায় নাম না থাকায় এসব নেতাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। অনেকেই বিষয়টি নিয়ে নীরব থাকলেও, কেউ কেউ ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বরিশালের ২১টি আসনে বিএনপির প্রভাবশালী ২১ নেতা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

বরিশাল-৩ আসন (মুলাদী-বাবুগঞ্জ) থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। যদিও এই আসনে এখনও দলীয় প্রার্থী ঘোষণা হয়নি, তারপরও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

বরিশাল-৫ (বরিশাল সদর-সিটি করপোরেশন) আসনে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সাবেক প্রধান জহির উদ্দিন স্বপন।

বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট দানবীর এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। তবে তাকে বাদ দিয়ে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক আবুল হোসেন খান।

ঝালকাঠি-২ আসনে (সদর-নলছিটি) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

ভোলা-৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। এখানে দলীয় টিকিট পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

ভোলা-১ (সদর-পৌরসভা) আসনে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেলিন। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ভোলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর।

পিরোজপুর-১, পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনে এখনও বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেনি।

দলীয় সূত্র বলছে, পিরোজপুর-১ আসনটি শরিকদলকে দেওয়া হতে পারে, ফলে এখানে মনোনয়ন বঞ্চিত হচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। একইভাবে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী এবং পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দেওয়া হতে পারে।

ফলে পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন বঞ্চিত হতে পারেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। এছাড়া পটুয়াখালী-৩ আসনে শরিক দলের জন্য সংরক্ষিত করা হলে মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে অংশ নিতে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলটি মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে আগেভাগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে।