জামায়াতের মোটরসাইকেল শোডাউন শুক্রবার
নভেম্বর ২০ ২০২৫, ২০:২০
স্টাফ রিপোর্টার : কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বরিশাল-৫ (সদর) আসনে দাড়িপাল্লা মার্কার সমর্থনে শুক্রবার সকালে শোডাউন করবে জামায়াত। সদর আসনের প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এতে নেতৃত্ব দিবেন।
সকাল ৯টায় বরিশাল বেলসপার্ক থেকে র্যালি শুরু হবে। লঞ্চঘাট, জেলগেট, নথুল্লাবাদ, রূপাতলী, ভোলা সড়ক, সাহেবের হাট হয়ে আবার বেলসপার্ক এসে দুপুর ১২টায় র্যালিটি শেষ হবে। কয়েক হাজার মোটরসাইকেল এই র্যালিতে অংশ নিবে বলে জানিয়েছেন আয়োজকরা।
তাছাড়া প্রত্যেকের গায়ে থাকবে বিশেষ গ্যাঞ্জি। র্যালি যাত্রার মাঝে মাঝে বেশ কয়েক জায়গায় পথসভায় বক্তব্য রাখবেন অ্যাডভোকেট হেলাল। বরিশাল মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নাযেবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান সহ মহানগর ও সদর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আজ বৃহস্পতিবার সারাদিন র্যালি উপলক্ষে বরিশাল মহানগর জামায়াত, সদর উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরকে তৎপর থাকতে দেখা গেছে। তাছাড়া জামায়াতের বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠনকেও নানা উদ্যোগ নিতে দেখা গেছে।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান বলেন, এটি হবে বরিশালের ইতিহাসে সর্ববৃহৎ মোটরসাইকেল র্যালি। ৫ আগস্ট পরবর্তী সারাদেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার প্রতিফলন দেখা যাবে শুক্রবার। প্রোগামটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।









































