বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা

নভেম্বর ২১ ২০২৫, ১৫:৪৯

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল এ শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলসহ হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় বরিশাল নগরীর বেলসপার্ক প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক ও সাহেবেরহাট প্রদক্ষিণ করে পুনরায় বেলসপার্ক মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামায়াতের বরিশাল-৫ আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আজকের এই শোভাযাত্রা প্রদর্শনেচ্ছা নয়, এটি ইসলামের পক্ষে গণজাগরণের প্রতিচ্ছবি। মানুষ দুনিয়াবী মতবাদে নিরাশ হয়ে ইসলামের দিকে ফিরে আসছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বরিশাল হবে দাঁড়িপাল্লার বরিশাল।”

নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, দিনারের পুল এবং সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “বরিশাল-৫ আসনে ইসলামী শক্তির যে গণজোয়ার তৈরি হয়েছে, তার সুফল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শোভাযাত্রা এগিয়ে যাওয়ার সময় পথের দুই পাশে উৎসুক জনতা হাত নেড়ে অভিনন্দন জানায়। বিভিন্ন বাড়ির শিশু-কিশোররাও এতে যোগ দেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পথজুড়ে। গ্রামের নারীরাও ঘর থেকে বেরিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেন।

অংশগ্রহণকারীদের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। দু’টি সারিতে হাজারো মোটরসাইকেলের শৃঙ্খলাবদ্ধ চলাচল এক অনন্য দৃশ্য তৈরি করে। প্রত্যক্ষদর্শীরা জামায়াতের শৃঙ্খলার প্রশংসা করে বলেন, “৫ আগস্টের পর থেকে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থেকেছে। এতে দেশজুড়ে তাদের প্রতি সমর্থন বেড়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে।”