আসামি ধরতে গিয়ে ইটভাটায় দগ্ধ পুলিশের এসআই মেহেদীর মৃত্যু
January 16 2025, 20:50
স্টাফ রিপোর্টার!! গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ এক এসআইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। বরিশালে আসামী ধরতে গিয়ে ওই কর্মকর্তা দশ দিন আগে দগ্ধ হয়েছিলেন।
মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআই মো. মেহেদি হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরার জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে তাতে পড়ে যান এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে উপরে তুলে আনে। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়।
তিনি আরো বলেন, এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।










































