নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে ইউসেপ’র উদ্যোগে সংলাপ ও কর্মশালা

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৮:৪০

স্টাফ রিপোর্টার : নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউসেপ বরিশাল অঞ্চলের আয়োজনে “Gender Responsive and Inclusive Vocational Education and Training (GRIVET)” শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বরিশাল-এ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে Gender Responsive and Inclusive Vocational Education and Training (GRIVET)

কর্মশালায় অংশগ্রহণকারী নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন মো. মামুনুর রশীদ, টিম লিডার ও ইনচার্জ, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। মূল প্রবন্ধে বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র গোলদার বলেন, “নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল কর্মপরিবেশ কেবল নৈতিক দায়িত্বই নয়, বরং টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতার পূর্বশর্ত।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণে নিয়োগকর্তাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন।

কর্মশালায় সেক্সুয়াল ও রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস (SRHR), মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট (MHM), চাইল্ড অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি মেথডস (CEFM) এবং জেন্ডার-বেইজড ভায়োলেন্স (GBV) প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য রোধ, অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়া এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়েও মতবিনিময় হয়।

আলোচকরা বলেন, এই ধরনের সংলাপ ও কর্মশালা নিয়োগকর্তা, কর্মী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও সমতাভিত্তিক ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমান সুযোগভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।