পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি বন্ধ, পদোন্নতিতেও নিষেধাজ্ঞা

আগস্ট ২০ ২০২৬, ১৮:৫৬

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি বিধি অনুযায়ী তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

শাস্তির আওতায় থাকা ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। একই সময়ে তারা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি তাদের সার্ভিস বইয়ে শাস্তির আদেশ লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা, একই উপজেলার গলাচিপা ইউনিয়নের আ ন ম মুরাদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মো. আল কাইয়ুম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. আবু জাফর এবং দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. তারিকুল ইসলাম।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর তদন্ত করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বিধি অনুযায়ী শাস্তির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার জানান, বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, “আমাদের স্পষ্ট ম্যাসেজ, অন্যায় করলে শাস্তি পেতে হবে।” শাস্তির বিষয়টি জনসম্মুখে আসা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এতে কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ সচেতন হবে। তিনি আরও বলেন, এর আগেও আর্থিক অনিয়মের কারণে চারজনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, সরকারি দায়িত্ব পালনে অনিয়ম কিংবা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রেও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।