ঝালকাঠিতে কৃতী ১৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগস্ট ২০ ২০২৬, ১৯:৪৩
স্টাফ রিপোর্টার : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ঝালকাঠি জেলার ১৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পর্যায়ে সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য হতে হবে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা।
তিনি বলেন, সময়ের সঙ্গে শিক্ষার ধরন ও চাহিদা পরিবর্তিত হচ্ছে। তাই মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ, প্রযুক্তিজ্ঞান ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করতে হবে।
ডা. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ারও প্রয়োজন রয়েছে।
সভায় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি চর্চা করতে হবে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. বায়জীদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।
সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










































