বরিশাল জেলা পুলিশের মাসিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
আগস্ট ২০ ২০২৬, ১৯:০৪
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা পুলিশের মাসিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বরিশাল পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। প্রধান অতিথি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের নিরাপত্তা ও দেশের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি।
এদিকে সভায় দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএলে (অবসরোত্তর ছুটি) গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। দীর্ঘদিন সহকর্মীদের সঙ্গে দায়িত্ব পালনের পর বিদায়ের এ আয়োজনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় জুলাই ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এছাড়া বরিশাল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২৬ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, তাদেরও জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।










































