অভিনেত্রী হুমায়রার মৃত্যুর খবর ৬ মাসেও টের পায়নি কেউ

জুলাই ১৪ ২০২৫, ১৯:২৯

অনলাইন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের মৃত্যু প্রায় ৬ মাস অজ্ঞাত থাকার পেছনে একাধিক কারণ উঠে এসেছে। বিষয়টি পুরো ঘটনাকে রহস্যময় করে তুলেছে। ৩২ বছর বয়সী এই পাকিস্তানি অভিনেত্রীর মৃতদেহ ৮ই জুলাই করাচির ডিফেন্স ফেজ ৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

তিনি সেখানে সাত বছর ধরে একা বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, হুমায়রার অ্যাপার্টমেন্টের পাশের ফ্ল্যাট দীর্ঘদিন ধরে খালি ছিল। ফলে কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না বা কেউ সন্দেহ করার মতো কোনো গন্ধও অনুভব করেনি। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা বলেন, ফ্ল্যাটের বাথরুমের জানালা খোলা থাকায় মরদেহের গন্ধ বাইরে বের হতে পেরেছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েনি বিল্ডিংয়ের ভিতরে।

হুমায়রা নিয়মিত করাচি ও লাহোর যাতায়াত করতেন। এতে অনেকেই ভেবেছেন তিনি হয়তো লাহোরে গেছেন। তাই তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কেউ চিন্তা করেনি। মৃত্যুর পর মাত্র একজন বন্ধু অক্টোবর ৭-এর পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীও মৃত্যুর আনুমানিক তিন দিন পর তাকে ফোন করেছিলেন। কিন্তু কোনো সাড়া পাননি।

পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দের মতে, মৃতদেহ ছিল দীর্ঘ ৮ থেকে ১০ মাস ধরে পচনধরা। তার মৃত্যু আদৌ স্বাভাবিক, দুর্ঘটনা, আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যাকাণ্ড- তা জানতে এখন তদন্ত চলছে। এজন্য সিন্ধু পুলিশ একটি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর নেতৃত্ব দিচ্ছেন এসপি ক্লিফটন ইমরান জাগিরানি। প্রতিদিন এই টিমের অগ্রগতি রিপোর্ট এসএসপি সাউথকে জানাতে বলা হয়েছে।