ভোলায় চুরি করতে গিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
সেপ্টেম্বর ০২ ২০২৫, ২০:০৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে চুরি করতে গিয়ে আকিম জান (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে প্রবাসী জাহাঙ্গীর দুবাইয়ের বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আকিম জান ওই বাড়ির তোফাজ্জলের স্ত্রী। জানা যায়, অন্য দিনের মতো সোমবার রাতের খাবার খেয়ে পরিবারের তিন সদস্য নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
নিহত আকিম জানের ছেলে ছবির হোসেনের অভিযোগ, চোরচক্র খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ছিলেন; যা খেয়ে তার বাবা তোফাজ্জল হোসেন ও ছোট ভাইয়ের স্ত্রী তানিয়া অচেতন হয়ে পড়েন। কিন্তু তার মা নিহত আকিম জান ডায়াবেটিকের রোগী হওয়ায় রাতে ভাত খানি। যে কারণে চুরির সময় আকিম জান টের পেয়ে চিৎকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, চোরচক্র স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে।
এ দিকে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অচেতন তোফাজ্জল ও তানিয়াকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তানিয়ার স্বামী মো. রফিক সৌদি প্রবাসী। ঘরের সব দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় চোরচক্র আগেই ঘরে প্রবেশ করে খাবারে চেতনা নাশক মিশিয়ে দেয় বলে ধারণা করছেন নিহতের স্বজনরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।










































