পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা: চরমোনাই পীর

November 27 2026, 19:29

৪২

নিজস্ব প্রতিবেদক : উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশালের চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক অগ্রহায়ণের বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উদ্বোধনী বয়ান পেশের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তিনি বলেন, যারা নতুন এসেছেন, তারা অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করুন। অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।

উদ্বোধনী বয়ান শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা রক্ষায় মুসল্লিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। চরমোনাই মাদরাসার প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে দুটি মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান, নামাজের নিয়ম-কানুন ও আমলি জীবন সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ দিতে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মুসল্লিদের বিভিন্ন হালকায় বিভক্ত করে হাতে-কলমে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ১০০ শয্যার হাসপাতাল। অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে বরিশালসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।

দুটি মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক। নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দুটি বয়ান পেশ করবেন।

এ ছাড়া মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ১৯২৪ সালে চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয়। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।