হিজলা উপজেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত অধ্যাপক নুরুল আমিন

November 27 2026, 19:04

৩১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের হিজলা উপজেলা শাখার দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য হিজলা উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. এসএম মাহফুজুর রহমান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সালেহ।

এ ছাড়া সম্মেলনে উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুরুষ ও মহিলা রুকনরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে রুকনদের ভোটের মাধ্যমে উপজেলার তিনটি ইউনিয়নের আমীর নির্বাচন করা হয়। এর মধ্যে বড়জালিয়া ইউনিয়নে মাওলানা হাবিব উল্লাহ এবং গুয়াবাড়িয়া ইউনিয়নে মো. ইমরুল হাসান শিপু মৃধা পুনরায় আমীর নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন। অন্যদিকে হরিনাথপুর ইউনিয়নে রুকনদের প্রত্যক্ষ ভোটে মহিষখোলা আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ আমীর নির্বাচিত হন।

এ ছাড়া হিজলা উপজেলা জামায়াতের মজলিশে শূরা এবং বড়জালিয়া, গুয়াবাড়িয়া ও হরিনাথপুর ইউনিয়নের শূরা গঠনের লক্ষ্যে রুকনদের ভোট গ্রহণ করা হয়। তবে এসব ভোটের ফলাফল সম্মেলনে ঘোষণা করা হয়নি। বড়জালিয়া ইউনিয়ন মহিলা শাখার মজলিশে শূরা গঠনের জন্যও মহিলা রুকনদের ভোট গ্রহণ করা হয়। সম্মেলনের শেষ পর্যায়ে নবনির্বাচিত উপজেলা আমীর অধ্যাপক মোঃ নুরুল আমিন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।