নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যেতে প্রস্তুত পিরোজপুর ছাত্রদল
November 27 2026, 18:55
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিরোজপুর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আহত অবস্থায় পিরোজপুরে পৌঁছানোর পর সাব্বির খানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ফোনালাপে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে জানান, তাঁর নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যেতে প্রস্তুত রয়েছেন তাঁরা।
জবাবে রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
একই সঙ্গে গোপালগঞ্জের সবাই তাঁদের প্রতিপক্ষ নন উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান।









































