ছারছীনায় তিন দিনের ইছালে ছওয়াব মাহফিল শুরু ২৯ নভেম্বর

November 27 2026, 19:14

১

নেছারাবাদ প্রতিনিধি‎ : ‎পিরোজপুরের নেছারাবাদে ঐতিহাসিক ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী রবিবার (২৯ নভেম্বর) শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিল চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। শেষ দিন মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

‎‎ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ বিদেশ থেকে আগত মুরিদান ও মুসল্লিয়ানদের এ মাহফিলে অংশ গ্রহণসহ দরবার শরিফে অবস্থান করে তিন দিনব্যাপী ওয়াজ শ্রবণের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

‎‎​আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেবেন। দরবারের খোলাফা ও ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করবেন। ‎‎মাহফিলে মরহুম পীর শাহ সুফি হজরত মাওলানা মোহেবুল্লাহ (রহ.)-এর ইছালে ছওয়াব কামনা করা হবে।

পাশাপাশি সবার নেক মকসুদ হাসিল, বালা-মুসিবত থেকে মুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি, বিশ্ব মুসলিমের সার্বিক কল্যাণ এবং মুমিন-মুর্দেগানের রূহের মাগফিরাত ও নাজাত কামনায় বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।