গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন
November 27 2026, 18:55
নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে পিরোজপুরে ফেরার পথে গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
হামলাকারীরা জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক আইডিতে প্রকাশ করে বলেও দাবি করেন সাব্বির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৮:৩০ মিনিট গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে। আহত সাব্বিরের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়।
সাব্বিরের অভিযোগ, ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরে আসছিলেন তিনি। পথে প্রায় ২০ জনের একটি দল বাসটি থামিয়ে তাঁকে জোর করে নামিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ সময় তাঁর মুঠোফোন ও প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ তাঁর। একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে অন্য একটি বাসে পিরোজপুরে পৌঁছান সাব্বির।
রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































