বরিশালে ডিবির পৃথক অভিযানে ৩২০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
November 27 2026, 12:02
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর এয়ারপোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ডিবির একটি দল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুবায়ের মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জুবায়ের বরিশালের উজিরপুর উপজেলার ৯ নম্বর সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের আঃ মান্নান ও কাজল বেগমের ছেলে।
অপরদিকে, কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী-দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন মা স্টীল ফার্নিচারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে শ্রী সুজন সরকার নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সুজন বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া গ্রামের শ্রী নিরঞ্জন সরকার ও সুমিত্রা রানীর ছেলে।
বিএমপি মিডিয়া সেল আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










































