বরিশাল বিমানবন্দরে চুরির সময় আনসার সদস্যকে কুপিয়ে আহত

November 27 2026, 19:45

৩২
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানবন্দরের ভেতরে ক্যাবল চুরির সময় এক চোরকে আটক করতে গেলে তার ধারালো অস্ত্রের আঘাতে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত ওই সদস্যের হাতের একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার সময় ক্যাবল চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চোরকে পরে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ থানায় হস্তান্তর করেছে।
বিমানবন্দরে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন, বিমানবন্দর ম্যানেজার সঞ্জয় কুমার রায়ের অদক্ষতায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তাদের দাবি, রানওয়ের পাশে জন্মানো ঘাস বাইরের লোকজনের কাছে বিক্রি করা হয়। ঘাস কাটার জন্য এসব লোক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। এ সুযোগে ঘাস কাটার পাশাপাশি তারা ক্যাবল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
অভিযোগকারীরা বলেন, এসব চুরির দায় অনেক সময় বিমানবন্দরের ভেতরে কর্মরত আনসার সদস্য ও কর্মচারীদের ওপর চাপানো হয়। বিষয়টি বুঝতে পেরে শুক্রবার ক্যাবল চুরির সময় এক আনসার সদস্য চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় চোর তার হাতে থাকা কাচি দিয়ে আনসার সদস্যকে কোপ দেয়। এতে তার হাতের একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহত আনসার সদস্যকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এয়ারপোর্টে কর্মরত আনসার কমান্ডার (পিসি) হুমায়ুন কবির বলেন, সকাল ৬ টার দিকে এয়ারপোর্টের ভিতরে ক্যাবল বা তার চুরির সময় আনসার সদস্য  মিঠু হালদার হাতেনাতে ধরা পরে। এসময় চোর মিঠু হালদার কে কুপিয়ে পালিয়ে যায়। আমরা তাকে পরবর্তীতে আটক করে থানায় হস্তান্তর করেছি।
এ বিষয়ে বিমানবন্দর ম্যানেজার সঞ্জয় কুমার রায় ঘাস বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তবে ক্যাবল চুরির সময় চোরের আঘাতে একজন আনসার সদস্য আহত হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রুহুল আমিন নামের একজনকে বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রসঙ্গত এর আগেও কয়েকআার এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে। যার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও মামলা রয়েছে।