মাছের ঘেরের পানিতে ভাসছিলো নিখোঁজ কিশোরের লাশ

November 27 2026, 14:39

২৭

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহসিন মল্লিক বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সির তালুক গ্রামের বাসিন্দা নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু।

এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাবুর মামা শাহিন মল্লিক দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।