নলছিটিতে ভুয়া ডাক্তারের সুন্নতে খাতনার পর ৭ বছরের শিশু মৃত্যুশয্যায়, এলাকাবাসীর ক্ষোভ
নলছিটি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্ব পাওতা এলাকায় ভুয়া ডাক্তারের মাধ্যমে সুন্নতে খাতনা করানোর পর গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১২ বছর বয়সী শিশু কাওসার হোসেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, পূর্ব পাওতা এলাকার দিনমজুর ফোরকান হোসেনের ছেলে কাওসার হোসেনকে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে স্থানীয়ভাবে নিজেকে ডাক্তার পরিচয়দানকারী ফোরকান হোসেন খান সুন্নতে খাতনা করান। খাতনার পরদিন থেকেই শিশুটির শরীরে গুরুতর সমস্যা দেখা দেয়। তার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিবার সূত্রে জানা যায়, প্রথমে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে ভর্তি নেওয়া হয়নি।
পরবর্তীতে পিজি হাসপাতালেও নেওয়া হলে সেখানেও তাকে ভর্তি করা হয়নি। অবশেষে নিরুপায় হয়ে ঢাকার তেজগাঁওয়ের কিউর স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনেক অনুরোধের পর শিশুটিকে আইসিইউতে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, সেপটিসেমিয়া, এনসেফালাইটিসসহ রক্তে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তা মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলেছে।
গত ৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ৪৭ মিনিটে তাকে কিউর স্পেশালিস্ট হাসপাতাল, তেজগাঁও, ঢাকার আইসিইউ বেড নং–০১ এ ভর্তি করা হয়।
শিশুটির বাবা একজন দিনমজুর হওয়ায় ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি বর্তমানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে এ ধরনের চিকিৎসা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অপরাধ। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।










































